ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে একটি বাস রাস্তার পাশের পানিভর্তি খাদে উল্টে পড়েছে। এতে বাসে থাকা বহু যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী-শিশুও রয়েছেন।
দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সংখ্যা জানানো হয়নি।
রোববার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহাসড়ক দিয়ে চলাচলের সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নেমে যায়। মুহূর্তের মধ্যেই সেটি পানিভর্তি খাদে উল্টে পড়লে যাত্রীরা বাসের ভেতরে আটকা পড়ে চিৎকার শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত পানিতে নেমে জানালার কাঁচ ভেঙে এবং দরজা খুলে একে একে যাত্রীদের বের করে আনেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও অন্যান্য উদ্ধারকারী সংস্থা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাথে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সরানোর কাজ শুরু হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। উদ্ধার অভিযান সম্পন্ন হওয়ার পর হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।



