যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’ : প্রকৃতির মাঝে অপরূপ এক ফ্যামিলি ডেস্টিনেশন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশে অতীত ও আধুনিকতার ছোঁয়ায় যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’ নামক এক ব্যতিক্রমধর্মী ফ্যামিলি ডেস্টিনেশন।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’ : প্রকৃতির মাঝে অপরূপ এক ফ্যামিলি ডেস্টিনেশন
যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’ : প্রকৃতির মাঝে অপরূপ এক ফ্যামিলি ডেস্টিনেশন |নয়া দিগন্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশে অতীত ও আধুনিকতার ছোঁয়ায় যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’ নামক এক ব্যতিক্রমধর্মী ফ্যামিলি ডেস্টিনেশন। বিশুদ্ধ খাবার ও আধুনিক সেবার প্রতিশ্রুতি নিয়ে গড়ে ওঠা এ ফ্যামিলি ডেস্টিনেশনটি রুচিশীল মানুষের আস্থার প্রতীক হিসেবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শাহ শের আলী গ্রুপ।

সোনারগাঁও উপজেলার পাশের মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় নির্মিত ‘ন্যাচার লাউঞ্জ’ ফ্যামিলি ডেস্টিনেশনের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার (১০ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব, ঢাকার সাবেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: রোকন-উদ-দৌলা।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ড. মুহাম্মদ আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কথাসাহিত্যিক, নাট্যকার, আন্তর্জাতিক মানের পর্যটন বিষয়ক সাময়িকী ‘ভ্রমণ’-এর সম্পাদক আবু সুফিয়ান, কবি মোহাম্মদ কামরুজ্জামান তরুণ, বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-র নাতি চরিত্রে অভিনয়শিল্পী শওকত আলী তালুকদার নিপু, উপস্থাপক ও টিভি নাট্য অভিনেতা শাহ সুলতান চৌধুরী (শাহেন শাহ)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশবিদ কাজী হাসান।

প্রায় দুই দশকের সেবার অভিজ্ঞতা, মানবকল্যাণের অঙ্গীকার এবং মানসম্মত বিপণন দর্শনের প্রতিফলন হিসেবে ‘ন্যাচার লাউঞ্জ’ প্রতিষ্ঠিত হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন। এটি প্রচলিত হাইওয়ে রেস্টুরেন্টের ধারণাকে নতুন মাত্রা দিয়ে একই ছাদের নিচে মিলিয়েছে প্রকৃতি, বিশুদ্ধ খাবার, আধুনিক সেবা ও পারিবারিক বিনোদনের অনন্য সমন্বয়।

শত শত দেশি-বিদেশী গাছপালা, ২১টি দৃষ্টিনন্দন অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছের সমাহার এবং পাখির কলতানে ভরা এই নৈসর্গিক পরিবেশ দর্শনার্থীদের মনের ক্ষুধা মেটানোর পাশাপাশি এনে দেবে বিশুদ্ধ অক্সিজেনের নির্মল সংস্পর্শ। খাদ্যরসিকদের জন্য রয়েছে দেশি-বিদেশি নানা ধরনের স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবারের সমাহার। এছাড়া শিশুদের জন্য কিডস জোন, জিম কর্নার, মেশিন ম্যাসাজ জোন ও নামাজের সুব্যবস্থাও রয়েছে প্রতিষ্ঠানটিতে।

একই কমপ্লেক্সে রয়েছে শাহ শের আলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, যেখানে সিএনজি, এলপিজি (অটোগ্যাস), অকটেন ও ডিজেল সরবরাহ করা হয়। আরো রয়েছে অনন্যা মার্ট, আধুনিক জামে মসজিদ এবং ভ্রমণকারীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সেবা। ফলে এটি শুধু একটি রেস্টুরেন্ট নয়; বরং একটি সমন্বিত হাইওয়ে সার্ভিস কমপ্লেক্স হিসেবে গড়ে উঠেছে।

বিয়ে, জন্মদিন, করপোরেট সভা, সেমিনার ও অন্যান্য সামাজিক আয়োজনের জন্য রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত, সবুজে ঘেরা আধুনিক অনুষ্ঠানস্থল। প্রশস্ত পার্কিং, পরিচ্ছন্ন পরিবেশ ও আন্তরিক সেবার কারণে ন্যাচার লাউঞ্জ দূরপাল্লার যাত্রীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জন্য একটি কাঙ্ক্ষিত মিলনকেন্দ্র হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

উল্লেখ্য, শাহ শের আলী গ্রুপের প্রথম প্রতিষ্ঠান শাহ শের আলী কোম্পানি ড্রেজিং ব্যবসার মাধ্যমে যাত্রা শুরু করে ২০০০ সালে। পরবর্তীতে ‘শাহ শের আলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন’-এর নির্মাণকাজ শুরু হয় ২০০৭ সালে এবং ২০০৯ সালের ১৩ জানুয়ারি ওই সময়েই প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।

প্রতিষ্ঠার পর থেকে এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকায় বাণিজ্যিক কর্মকাণ্ডের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সেই দীর্ঘ অভিজ্ঞতা, সেবার মানসিকতা এবং উন্নত গ্রাহকসেবার ধারাবাহিকতায় আজ যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’—যা ভবিষ্যতে দেশের অন্যতম সেরা প্রকৃতি-নির্ভর হাইওয়ে ফ্যামিলি ডেস্টিনেশন হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।