দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘বর্তমান সরকার জনগণের ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত। জনগণের কাছে এই সরকারের জবাবদিহিতা আছে। ৫ আগস্টের আগের সরকার আর বর্তমান সরকার এক নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অত্যন্ত কৃষক বান্ধব। শুধু দুর্যোগে আর কৃষি ক্ষেত্রে নয় প্রতিটি ক্ষেত্রেই তাৎক্ষণিকভাবে এই সরকার জনগণের পাশে থাকার যে প্রচেষ্টা চালাচ্ছে তা অব্যাহত থাকবে।’
মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ সার্কিট হাউস সম্মেলন কক্ষে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘অতিবৃষ্টিতে ধান তলিয়ে যাওয়ার কারণে হাওরাঞ্চলে যে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছেন— তাদের খবর পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের পক্ষে আমরা চারজন প্রতিনিধি হিসেবে সুনামগঞ্জ এসেছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য সরকার ইতোমধ্যে তিন মাস মেয়াদী ত্রাণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।’
তিনি বলেন, ‘নির্ভুলভাবে পরিকল্পনা নিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করতে হবে। এক্ষেত্রে যাচাইবাছাই করে স্থানীয় সংসদ সদস্যগণের পরামর্শ নিয়ে তালিকা চু্ড়ান্ত করতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটলে তা বরদাশত করা হবে না। তালিকায় যাদের নাম থাকবে তাদের জন্য তিন মাসে মেয়াদের একটাই কার্ড হবে। এর মাধ্যমে হাওর পাড়ের কৃষক পরিবারের জন্য সরকারের ঘোষিত নগদ টাকা, কিছু চাল-ডাল, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী জুন মাস পর্যন্ত সরবরাহ করা হবে। আগামী বাজেটের পরে এই সহায়তা আরো ব্যাপকহারে বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) আশরাফুর রহমান। সভায় আরো বক্তব্য রাখেন, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, মুখ্যসচিব এ বি এম আব্দস সত্তার, সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা।



