বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের বোদা উপজেলায় আত্মার বন্ধন ফাউন্ডেশন এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার প্রদান করেছে।
বুধবার (১৫ এপ্রিল) উপজেলার ময়দানদীঘি ইউনিয়নে ফাউন্ডেশনের অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের হাতে কলম, পেন্সিল, রাবার, স্কেলসহ পরীক্ষার প্রয়োজনীয় সব সামগ্রী তুলে দেয়া হয়।
সংগঠনটি প্রতিবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে এ ধরনের সহায়তা দিয়ে থাকে। উপহার গ্রহণকারীদের মধ্যে ছিলেন নবাবগঞ্জ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মো: মনির ইসলাম, পাথরাজ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোছা: তাবাসসুম আক্তার ও মায়া রানী প্রমুখ।
আত্মার বন্ধন ফাউন্ডেশনের সভাপতি মো: মতিন ইসলাম তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষা জীবনের মূল চালিকাশক্তি। পরীক্ষা জীবনের এক বাঁক, তবে শেষ নয়। আমাদের সংগঠনের যতগুলো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় প্রতিবছরের ন্যায় এবারও তাদের উপহার প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আত্মার বন্ধন ফাউন্ডেশন সব সময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে। তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করো, সুস্থ থাকো, ভালো ফল করো—এটাই আমাদের প্রত্যাশা।’
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের রক্ত বিষয়ক সম্পাদক মো: সুমন ইসলাম প্রমুখ।
উপহার বিতরণ শেষে শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে পরীক্ষায় মনোযোগী হওয়ার পরামর্শ দেয়া হয়।



