আলীকদমে আরো এক পর্যটকের লাশ উদ্ধার

এখনো মো: হাসান নামের আরেক পর্যটক নিখোঁজ রয়েছেন।

Location :

Bandarban
তৈনখাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
তৈনখাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। |নয়া দিগন্ত

বান্দরবান প্রতিনিধি ও আলীকদম (বান্দরবান) সংবাদদাতা

বান্দরবানের আলীকদমে স্মৃতি আক্তার (২৩) নামে আরো এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দু’দিনে দুজনের লাশ উদ্ধার হলো।

আজ শুক্রবার (১৩ জুন) ভোরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তৈনখাল থেকে স্মৃতির লাশ উদ্ধার করে পুলিশ।

স্মৃতি আক্তারের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় বলে জানা গেছে।

লাশ উদ্ধারের বিষয়টি আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার ভোরে পর্যটক জোবাইরুল ইসলামের লাশ উদ্ধার করা হয় মাতামুহুরী নদী থেকে। এখনো মো: হাসান নামের আরেক পর্যটক নিখোঁজ রয়েছেন।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মুমিন জানিয়েছেন, নিখোঁজ পর্যটকের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ফেসবুক-ভিত্তিক ট্যুর গ্রুপ ট্যুর এক্সপার্ট-এর এডমিন বর্ষা ইসলামের নেতৃত্বে ৩৩ জন পর্যটক আলীকদমের ক্রিসতং পাহাড় এবং থানচির লিমান লিবলু পাহাড় সামিটে যান। তারা দু’টি দলে বিভক্ত হয়েছিলেন। ২২ জনের একটি দলের তিনজন বুধবার রাতে নিখোঁজ হন। নিখোঁজদের মধ্যে প্রথম লাশটি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের শেখ হিদায়েতুল ইসলামের ছেলে শেখ জুবাইরুল ইসলামের। নিখোঁজ ছিলেন হাসান ও স্মৃতি নামের আরো দুই পর্যটক।