সৌদিতে ভবন থেকে পড়ে বুড়িচংয়ের যুবকের মর্মান্তিক মৃত্যু

সৌদি আরবের দাম্মাম শহরে একটি বহুতল ভবনে কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। কাজ করার একপর্যায়ে ভবনের ওপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong

সৌদি আরবে ভবন থেকে পড়ে নজরুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুর ২টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাত ভাই প্রভাষক মো: গিয়াস উদ্দিন।

নজরুল কুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের বুড়িচং পূর্বপাড়ার বাসিন্দা। তার বাবার নাম সৈয়দ আলী।

গত মঙ্গলবার (৩ জুন) বাংলাদেশ সময় রাতের দিকে সৌদি আরবের দাম্মাম শহরে একটি বহুতল ভবনে কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। কাজ করার একপর্যায়ে ভবনের ওপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নজরুল ইসলাম বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর পাঁচ বছর আগে জীবিকার তাগিদে শ্রমিক ভিসায় সৌদি আরবে পাড়ি জমান। বিদেশ থাকাকালীন একবার দেশে ফিরে বিয়ে করেন এবং পরে পুনরায় সৌদিতে চলে যান। তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। দুর্ভাগ্যজনকভাবে, সেই সন্তানের মুখ দেখার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন নজরুল।

নজরুল তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তার এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, নজরুল আমার সাবেক ছাত্র। আমি যখন বুড়িচং আইডিয়াল স্কুলে শিক্ষকতা করতাম, সে ছিল একজন নম্র, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী।

বুড়িচং বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম ও চাকরিজীবী রবিউল ইসলাম বলেন, নজরুল অল্প বয়সে এক দুর্ঘটনায় পৃথিবী ছেড়ে চলে গেলেন। তিনি দেশে থাকাকালীন সকলের সাথে সদাচরণ করতেন এবং অত্যন্ত ভদ্র স্বভাবের ছিলেন।

নজরুলের মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং পুরো এলাকায় শোকের মাতম বইছে। তার লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের সহযোগিতা কামনা করেছে শোকাহত পরিবার।