মতলবে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার

চাঁদপুরের মতলব দক্ষিণে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদককারবারি ও নয় মামলার আসামি আকতার গাজী (৫৩) এবং তার ছেলে অনিক গাজীকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

Location :

Chandpur
ফাইল ছবি

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব দক্ষিণে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদককারবারি ও নয় মামলার আসামি আকতার গাজী (৫৩) এবং তার ছেলে অনিক গাজীকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার টিএন্ডটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

উপপরিদর্শক (এসআই) জীবন চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকতার গাজীর বাড়ি থেকে তাদের গ্রেফতার করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আকতার গাজী দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করছিলেন। এর আগেও তিনি পাঁচবার আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় আরো আটটি মাদক মামলা ও একটি নারী নির্যাতন মামলা রয়েছে।

এদিকে, ২০২৫ সালে তিনি বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হলে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের সাজা দেয়। অপরদিকে তার ছেলে অনিক গাজীর বিরুদ্ধেও মাদক ও নেশা সেবনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে স্ত্রীকে মারধরের মামলাও রয়েছে।

এলাকার বাসিন্দা বিল্লাল ফরাজি ও মনিরুল ইসলাম আরমান জানান, এলাকার যুবক ও কিশোর সমাজকে ধ্বংসকারী মাদককারবারি আকতার গাজীর বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেছেন। তার বিরুদ্ধে থানায় অনেক মামলা রয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকতার গাজী ও তার ছেলে অনিক গাজীকে মাদকসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক উভয়কে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।