গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত যুবকের নাম সাকিব (২৩)। তিনি পৌর এলাকার মাগুড়া কেশবপুর গ্রামের এরশাদুল হক লিটনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তার ছোট ভাই রাকিবের (২০) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। বুধবার (১৭ জুন) রাতে মোটরসাইকেলের চাবি চাওয়াকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। রাকিব তার বাবার কাছে মোটরসাইকেলের চাবি চাইলে সাকিব রাতে চাবি দিতে নিষেধ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি, ওই ঘটনার জের ধরে গভীর রাতে রাকিব ক্ষিপ্ত হয়ে সাকিবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সাকিব শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
আহত অবস্থায় প্রথমে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: আশিক ইকবাল জানান, আহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা সঙ্কটাপন্ন হয়ে পড়ে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



