গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে আবুজর গিফারী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ মার্চ ) বিকেল আনুমানিক ৪টার দিকে মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের বনগ্রাম থেকে সিন্দিয়াঘাটগামী সড়কের কঠুরাকান্দি এলাকার একটি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আবুজর গিফারী স্থানীয় একটি দোকান থেকে চিপস কিনে বাড়ি ফেরার পথে হাসান মোল্লা (৩৫) নামের এক ব্যক্তির চালিত ব্যাটারিচালিত ইজিবাইক পেছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৬টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



