রংপুরের তারাগঞ্জে ঘুরতে যাওয়া এক ইরানি দম্পতিকে আটক করে মারধর এবং ফোন ও বিদেশী মুদ্রা ছিনতাইয়ের ঘটনায় আটক চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এর বিচারক কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন।
এর আগে গ্রেফতার তারাগঞ্জের ঘনিরামপুর এলাকার রশিদুল ইসলাম, তার স্ত্রী মনোয়ারা বেগম, মোখছেদুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম ও মেরাজুল ইসলামকে আদালতে তোলেন তারাগঞ্জ থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা কনক রঞ্জন বর্মন।
কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, তারাগঞ্জে ইরানি দম্পতিকে আটক করে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় আটক চারজনকে আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সেনাবাহিনীর তারাগঞ্জের ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন জানান, সোমবার (৩ মে) বিকেলে তারাগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনিরামপুর গ্রাম থেকে ঘটনার শিকার সেলিম রেজা (৬৪) ও তার স্ত্রী ইয়াজদানজো ইয়াসমিনকে (৫৭) উদ্ধার করা হয়েছে। পরে সেনাবাহিনীর টহল দল নিরাপত্তা দিয়ে ইরানি দম্পতিকে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে এবং তাদের নিরাপদে হোটেলে পৌঁছে দিয়েছে।
ঘটনায় জড়িত চারজন হলেন- ঘনিরামপুর এলাকার রশিদুল ইসলাম, তার স্ত্রী মনোয়ারা বেগম, মোখছেদুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম ও মেরাজুল ইসলাম।
সেনাবাহিনীর এ কর্মকর্তা জানান, গত ১ জুন ঢাকা থেকে রংপুরে ঘুরতে আসেন ওই ইরানি দম্পতি। এ সময় তারা ভাড়া করা একটি গাড়ি চালিয়ে গুগল ম্যাপে ভুলক্রমে তারাগঞ্জের একটি গ্রামে চলে যান। পরে তারা এলাকাবাসীর কাছে ডলার দেখিয়ে তা এক্সচেঞ্জের জন্য সাহায্য চান। তখন একটি পরিবার তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের আটক করে মারধর করে সাথে থাকা ডলার, টাকা, মোবাইলফোন, হাতঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।
সেনা কর্মকর্তা আরো জানান, ঘটনায় ওই এলাকায় তল্লাশি চালিয়ে তাৎক্ষণিকভাবে ১০০ ডলার, পাসপোর্ট ও ঘড়ি উদ্ধার করা হয়। তবে তাদের মোবাইলফোন ও খোয়া যাওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।



