গাজীপুরে সংবাদকর্মীকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই সাংবাদিককে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় ইট দিয়ে একাধিকবার আঘাত করে পা ও শরীর থেতলে দেয়া হয়। এদিকে ঘটনাস্থলে একাধিক পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তারা কোনো হস্তক্ষেপ করেননি। ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকসহ সাধারণ মানুষজন।
বুধবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে গাজীপুর সদর থানার সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের উপস্থিতিতে ওই সাংবাদিককে মারধরের একটি ভিডিও নয়া দিগন্তের কাছে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা তাকে নির্মমভাবে মারধর করে তার বুকের ওপর উঠে লাফায়। একপর্যায়ে পায়ের ওপর ইট দিয়ে থেঁতলে দেয় এবং টেনে হিঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা ওই সাংবাদিককে উদ্ধার বা হামলাকারীদের নিবৃত করার কোনো উদ্যোগ নেয়নি।
আহত আনোয়ার হোসেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার একজন পেশাদার সাংবাদিক। তিনি গাজীপুরে বিভিন্ন সামাজিক ও অপরাধবিষয়ক সংবাদ সংগ্রহে নিয়োজিত ছিলেন।
এদিকে মারধরের পর তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।
চিকিৎসকরা জানিয়েছেন, তার পায়ে মারাত্মক জখম হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগে পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।



