গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের দাড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— হরিরামপুর পাথারেপাড়া গ্রামের আইবুদ্দির ছেলে মওলা (৩৫) ও দাড়াপাড়া গ্রামের বছির উদ্দীনের ছেলে আজিমুদ্দীন (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, মওলা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গাছের ডাল কাটার কাজ করতেন। বুধবার সকাল ১০টার দিকে দাড়াপাড়া এলাকায় একটি নারকেল গাছ কাটার কাজ করছিলেন তিনি। এ সময় গাছটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের উপর পড়ে যায়। এতে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। পরে গাছটি সরানোর চেষ্টা করলে মওলা ও আজিমুদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মওলা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আজিমুদ্দীনকে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।



