চুয়াডাঙ্গার দর্শনায় মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে বাংলদেশ পুলিশের দর্শনা থানার উদ্যোগে আকন্দবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার মাদক পাচারের অন্যতম রুট হিসেবে পরিচিত আকন্দবাড়ীয়া গ্রামে সর্বস্তরের মানুষকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে সমাবেশে যোগ দিতে দেখা যায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রুহুল কবীর খান।
প্রধান অতিথির বক্তব্যে এসপি রুহুল কবীর খান বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। মাদকের এ করালগ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, বরং পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এখনই সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। অপরাধ দমনে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস, জুয়া ও সব ধরনের অপরাধ প্রতিরোধে চুয়াডাঙ্গা জেলা পুলিশের এমন জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



