সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেছেন, ‘আমার নির্বাচনী এলাকায় কোনো অনিয়ম সহ্য করব না, কাউকে অনিয়ম করতেও দেবো না। তা আমি কথায় নয়, কাজে প্রমাণ দেবো।’
তিনি বলেন, ‘জনগণের সেবক হয়ে কাজ করতে চাই, কারণ তারাই আমাকে এমপি নির্বাচিত করছে। তাদের পরামর্শ ও দিকনির্দেশনা নিয়েই আমার আগামীর দিনগুলো চালাতে চাই।’
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এর আগে তিনি উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেহেদী হাসান মানিক ও সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া।
এমপি কামরুল বলেন, ‘তাহিরপুর উপজেলা উন্নয়ন বঞ্চিত ছিল। তার জন্য আমি সকল দল-মতের ঊর্ধ্বে থেকে সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ প্রতিটি ক্ষেত্রে অগ্রাধিকার দেবো।’
তিনি বলেন, ‘আমি একা সব কিছু করতে পারব না। সবাই সবার নিজ অবস্থান থেকে আমাকে সহযোগিতা ও কাজ করতে হবে। হাওরাঞ্চলে সঠিকভাবে বাঁধ নির্মাণে নজরদারি বাড়ানো হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, হয়রানি, দখল বাণিজ্য কেউই করতে পারবে না। আমি আমার অভিভাবকদের (ভোটার) প্রতিনিধি হিসেবে তাদের জন্যেই কাজ করব। আমি নির্বাচনে আমার দেয়া ওয়াদা শেষ মুহুর্ত পর্যন্ত পালনে সচেষ্ট থাকব।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন, কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্ধ, সচেতনতা মহলও সাংবাদিক।



