কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন আমির আলী মহসিন

কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার নতুন আমির নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন। সাবেক আমির মাওলানা আবুল হাসেমের মৃত্যুর পর রোকনদের ভোটে তিনি দায়িত্ব পেয়েছেন।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন
অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন |সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার নবনির্বাচিত আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন।

কুষ্টিয়া জেলা জামায়াতের মিডিয়া সম্পাদক ও শহর জামায়াতের আমির এনামুল হক বুধবার রাতে জানান, কুষ্টিয়া জেলার রোকনদের প্রত্যক্ষ ও গোপন ব্যালটে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ের রোকনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই ভোটে অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন সর্বোচ্চ ভোট পেয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির নির্বাচিত হন।

বুধবার যশোর-কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক সভায় নবনির্বাচিত আমিরকে শপথ বাক্য পাঠ করানো হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো: মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কুষ্টিয়া ও যশোর অঞ্চলের শীর্ষস্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে অঞ্চল পরিচালক মো: মোবারক হোসেন নতুন আমিরকে অভিনন্দন জানান এবং ইসলামী সমাজ বিনির্মাণে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর বিকেলে একটি রাজনৈতিক মিছিল শেষে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেমের মৃত্যুতে এই পদটি শূন্য হয়েছিল।