ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ মিয়া (১৭) হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। হত্যাকাণ্ডের আট দিন পার হলেও হত্যাকাণ্ডের সাথে জড়িত কেউ গ্রেফতার না হওয়ায় আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন তারা।
রোববার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড় এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেন এলাকাবাসী।
খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাইফুল ইসলাম, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনজুর কাদের ভূঁইয়া ও খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু তাহের দেওয়ান ঘটনাস্থলে গিয়ে বক্তব্য দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।
এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মাস্টার মহাসড়কে অবরোধ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের গ্রেফতারে প্রশাসনের ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন। পরে বিক্ষুদ্ধ জনতা শান্ত হয়ে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করে।
বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার সরাইল থানার ওসি ও খাঁটিহাতা হাইওয়ে থানার ওসিকে সাথে নিয়ে জিহাদ হত্যাকাণ্ডের ঘটনাস্থল, ব্র্যাক অফিস ও বিদ্যুতের সাবস্টেশনের সিসি ক্যামেরা পরিদর্শন করেন। এছাড়া এ সময় তারা কুট্টাপাড়া মোড় থেকে ইসলামাবাদ পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে হাই রেজুলেশনের সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, ওই কিশোর হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। অপরাধী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হবে। পুলিশ চায় না অযথা নিরপরাধ কোনো লোক গ্রেফতার হোক। যাকে-তাকে গ্রেফতার করার ইচ্ছা পুলিশের নেই। সঠিক ব্যক্তিকেই পুলিশ গ্রেফতার করতে চায়।
উল্লেখ্য, শুক্রবার (১০ জুলাই) রাত ১০টার দিকে উপজেলা সদরের কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্র্যাক অফিসের পূর্বপাশে কিশোর জিহাদ মিয়াকে (১৭) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত কিশোর জিহাদ মিয়া কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।



