নাগরপুরে হাইকোর্টের আদেশে ২ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

আদালতের নির্দেশনা অনুযায়ী সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দায়িত্ব গ্রহণের সময় দুই চেয়ারম্যানকে পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এ সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Tangail
মো: কুদরত আলী ও মো: শওকত হোসেন
মো: কুদরত আলী ও মো: শওকত হোসেন |নয়া দিগন্ত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় হাইকোর্টের নির্দেশে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপদে পুনর্বহাল হয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) সকালে আদালতের আদেশ অনুযায়ী প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তারা নিজ নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন।

পুনর্বহাল হওয়া চেয়ারম্যানরা হলেন, নাগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কুদরত আলী এবং বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শওকত হোসেন।

হাইকোর্টের রিট পিটিশন নম্বর ২৮৬৩/২৬-এর আদেশ অনুযায়ী তাদের স্বপদে বহাল করা হয়। একইসাথে আগে জারি করা প্রশাসক নিয়োগের আদেশ ছয় মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।

টাঙ্গাইল স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। দায়িত্ব গ্রহণের সময় দুই চেয়ারম্যানকে পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এ সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নাগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কুদরত আলী বলেন, হাইকোর্টের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের ভালোবাসা তাকে আরো দায়িত্বশীল করেছে এবং ইউনিয়নবাসীর উন্নয়ন ও সেবাকে গতিশীল করাই তার অঙ্গীকার।

বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শওকত হোসেন বলেন, সত্য ও ন্যায়ের জয় হয়েছে উল্লেখ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, জনগণের পাশে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চেয়ারম্যানদের পুনর্বহালের পর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।