উল্লাপাড়ায় শিমুল ফুল দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

নিহত দুই যুবক হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাসিন্দা আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে সানি ও আক্তার হোসেনের ছেলে ফয়সাল।

মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

Location :

Ullahpara
ঘটনাস্থলে উৎসুক জনতা
ঘটনাস্থলে উৎসুক জনতা |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগান দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় রেলব্রিজ থেকে নিচে পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার ঘাটিনা রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবক হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাসিন্দা আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে সানি ও আক্তার হোসেনের ছেলে ফয়সাল।

স্থানীয় সূত্রে জানা যায়, বসন্তের সময় ঘাটিনা এলাকার শিমুল ফুলের বাগান দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। বৃহস্পতিবার দুপুরের দিকে সানি ও ফয়সাল ওই এলাকায় ঘুরতে যান। তারা শিমুল ফুলের বাগান ঘুরে দেখার পাশাপাশি ছবি তোলার উদ্দেশ্যে কাছাকাছি রেলব্রিজের ওপর উঠে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যুবক ব্রিজের ওপর দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এ সময় হঠাৎ একটি ট্রেন দ্রুতগতিতে ওই ব্রিজের দিকে এগিয়ে আসে। ট্রেনটি খুব কাছাকাছি চলে এলে তারা দ্রুত সরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সময়মতো নিরাপদ স্থানে যেতে না পারায় ট্রেনের ধাক্কায় তারা ব্রিজ থেকে নিচে পড়ে যান।

ঘটনাস্থলেই সানির মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। অপরদিকে গুরুতর আহত অবস্থায় ফয়সালকে স্থানীয়রা উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান বলেন, রেলব্রিজের ওপর অবস্থান করার সময় ট্রেনের ধাক্কায় দুই যুবক ব্রিজ থেকে নিচে পড়ে যান। এতে তাদের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।