চাঁদপুরের মতলব উত্তর বিশেষ অভিযানে অবৈধভাবে মজুত করা দুই হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় চার অসাধু মজুতকারীকে ৭৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৯ মে) বিকেলে উপজেলার দশানী-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারজাতকরণের প্রস্তুতি নিচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে এলাকার চারটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় তিন লাখ ২২ হাজার টাকা মূল্যের দুই হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
পরে মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটক ব্যক্তিদের মোট ৭৩ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বাজারজাতকরণ দেশের জ্বালানি খাতে অস্থিরতা সৃষ্টির কারণ ঘটাতে পারে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, জ্বালানি তেল সংরক্ষণ ও বিপণনের ক্ষেত্রে সরকারি বিধিমালা মেনে চলা বাধ্যতামূলক। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় প্রশাসন সবসময় তৎপর রয়েছে।



