‘সরকার গ্রাম আদালতকে সক্রিয় করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য নানা পরিকল্পনা নিয়ে জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হচ্ছে। এছাড়াও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে সভা সেমিনার ও গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান উঠান বৈঠক করা হয়েছে।’
বুধবার বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক মনিরা হক এসব কথা বলেন।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রোমেন শর্মার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম।
জেলা প্রশাসক আরো বলেন, সরকার গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের মাধ্যমে সারাদেশে গ্রাম আদালতকে গুরুত্বারোপ করে গ্রামের সাধারণ বিরোধ মিমাংসা স্থানীয়ভাবে ইউনিয়ন পর্যায়ে সমাধানের উদ্যোগ নিয়েছে। এতে ইউনিয়ন পর্যায়ে কর্মরত দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তারা আন্তরিকতা নিয়ে কাজ করলে সরকারের মূল পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে।
সভায় গ্রাম আদালতে নিষ্পত্তিযোগ্য বিভিন্ন অপরাধ সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া গ্রাম আদালত সক্রিয়করণ করতে জেলার বিভিন্ন ইউনিয়ন কর্মরত গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জেলার ৪৩টি ইউনিয়নে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা চালানো হচ্ছে।
জেলা পর্যায়ে বিভিন্ন আদালত থেকে সাধারণ মামলাগুলো গ্রাম আদালতে পাঠানো হচ্ছে। তাই প্রতিটি ইউনিয়নে গ্রামের সাধারণ বিরোধ মিমাংসা গুলো গ্রাম আদালতে শেষ করে জেলা পর্যায়ে প্রতিবেদন প্রেরণ করতে হবে।
‘অল্প সময়ে স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো: শফী উল্লাহ, যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক সাইফুদ্দিন হাসান আলী, জেলা পুলিশের প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, অ্যাডভোকেট আবদুল আহাদ, অ্যাডভোকেট শিপন বিশ্বাস, ব্র্যাকের কো-অডিনেটর ওমর ফারুক।
ইফসা জেলা ব্যবস্থাপক মাহবুল হকের সঞ্চালনায় জেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



