সিলেটে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জের কানিশাইল এলাকার একটি ঝোঁপে তল্লাশি চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটারগান, ছয়টি পাওয়ার জেল, আটটি খালি নন-ইলেকট্রিক ডেটোনেটর, পাঁচটি সেফটি ফিউজ ও থানা থেকে লুট হওয়া দু’টি টিয়ারশেল উদ্ধার করে র‌্যাব-৯।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক |নয়া দিগন্ত

সিলেটের গোলাপগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকসামগ্রী উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শুক্রবার (১৯ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।

এর আগে, বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর কানিশাইল এলাকার একটি ঝোঁপ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জের কানিশাইল এলাকার একটি ঝোঁপে তল্লাশি চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটারগান, ছয়টি পাওয়ার জেল, আটটি খালি নন-ইলেকট্রিক ডেটোনেটর, পাঁচটি সেফটি ফিউজ ও থানা থেকে লুট হওয়া দু’টি টিয়ারশেল উদ্ধার করে র‌্যাব-৯। আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকসামগ্রী গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-৯ সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে চলতি বছরের ১৮ জুন পর্যন্ত র‌্যাব-৯, সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে মোট ৪৭টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ছয়টি ম্যাগজিন, ৩৫ হাজার ১০ গ্রাম বিস্ফোরক, ২১৬টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা, ১১টি ককটেল ও বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৪৯টি এয়ারগান উদ্ধার করেছে।