ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল দিঘির পাড় মজনু মার্কেট এলাকায় একটি মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
ভাঙ্গায় মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল দিঘির পাড় মজনু মার্কেট এলাকায় একটি মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিজানুর রহমান ভুলু ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামের প্রবাসী মিজানুর রহমান ভুলু মাতৃসূত্রে পাওয়া একটি জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। পরে এলাকাবাসীকে সাথে নিয়ে নিজস্ব অর্থায়নে ওই জায়গায় একটি মসজিদ নির্মাণ করেন তিনি। মসজিদ নির্মাণের পর থেকে সেখানে নিয়মিত মুসল্লিরা নামাজ আদায় করে আসছেন।

সম্প্রতি মিজানুর রহমান ভুলু প্রবাসে অবস্থানকালে পাতরাইল দিঘির পাড় গ্রামের শাহাদাত মুন্সী মসজিদের সামনের অংশে এবং পাশে আরো দুটি দোকানঘর নির্মাণ শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে মসজিদের দোতলার কিছু অংশ ভেঙে দোকানঘর সম্প্রসারণেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, শাহাদাত মুন্সী মুসল্লিদের বলেছেন, দোকান থেকে পাওয়া ভাড়ার একটি বড় অংশ মসজিদ ফান্ডে জমা দেয়া হবে।

বিষয়টি জানতে পেরে মিজানুর রহমান ভুলু দোকান নির্মাণে বাধা দিলে শাহাদাত মুন্সী ওই জমি নিজের বলে দাবি করেন। এ সময় তাকে হেনস্তা ও হামলার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন মিজানুর রহমান ভুলু।

পরে তিনি বাদী হয়ে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে এরপরও মসজিদের ছাদের কিছু অংশ ভেঙে দোকানঘর দোতলা পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদের সামনের একটি বড় অংশে দোকানঘর নির্মাণ করা হয়েছে। পাশাপাশি নির্মাণকাজও চলমান রয়েছে।

স্থানীয় আ. ছালাম ব্যাপারী বলেন, ‘মসজিদটি মূলত মিজানুর রহমান ভুলু নির্মাণ করেছেন। আমরা জানতাম জায়গাটিও তার। এখন হঠাৎ শাহাদাত মুন্সী জায়গাটি দখল করে দোকান নির্মাণ করছেন। এর বাইরে অন্য কোনো ঘটনা আমার জানা নেই।’

একই ধরনের বক্তব্য দেন স্থানীয় আফজাল মুন্সী, রফিকুল মাতুব্বরসহ আরো কয়েকজন।

ভুক্তভোগী প্রবাসী মিজানুর রহমান ভুলু বলেন, ‘আমি দীর্ঘদিন প্রবাসে থাকলেও মসজিদটি নির্মাণের জন্য প্রচুর অর্থ দিয়েছি। কিন্তু আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে মসজিদের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিকারের জন্য আমি থানায় অভিযোগ করেছি।’

অভিযোগের বিষয়ে শাহাদাত মুন্সীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’