শায়েস্তাগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ৩

ঢাকাগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সাথে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যান ও অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)

Location :

Shaistagonj
সড়ক দুর্ঘটনায় একজন নিহত
সড়ক দুর্ঘটনায় একজন নিহত |প্রতীকী ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৭টার দিকে উপজেলার নূরপুর ইউনিয়নের সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কাওছার মিয়া (৩২)। তিনি নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটেরচর গ্রামের মরহুম মুতি মিয়ার ছেলে এবং পিকআপ ভ্যানের চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সাথে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যান ও অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ চালক কাওছার মিয়া মারা যান। আহত হন পিকআপের হেলপার, ট্রাকচালক ও সিএনজি চালক।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। আহতদের হবিগঞ্জ সদর ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।