দিনাজপুরের নবাবগঞ্জে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিল্লুর রহমান বুধবার সকালে মেলার উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার শফিউল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আল মামুন, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: সাজ্জাদ আল মামুন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ মেলার দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তির বিষয়ে অবগত হন।
মেলায় আসা দর্শনার্থীরা জানান, এ আয়োজনের মাধ্যমে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক তথ্য প্রযুক্তির বিষয়ে আগ্রহী হয়ে উঠবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিল্লুর রহমান জানান, এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থী ও নবীন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



