চুয়াডাঙ্গায় গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ অভিযান শুরু করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ।
সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত সব শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপন অভিযান উদ্বোধন উপলক্ষে সংগঠনের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রুহুল কবীর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র।
প্রধান অতিথির বক্তব্যে এসপি মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, ‘যে গাছ দেয়া হলো সেগুলো রোপণ করে যত্ন নিতে হবে। কারণ এ পৃথিবীতে গাছের মত পরম বন্ধু আর হয় না। গাছ আমাদের যেমন নিভৃতে রক্ষা করে, ঠিক তেমনি আমাদের উচিত তাদের রক্ষণাবেক্ষণ করা।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বলেন, ‘বৃক্ষরোপণের জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। আমাদের যতটুকু বনায়ন দরকার তা সবাই মিলে পূরণ করা প্রয়োজন।’
সংগঠনের সভাপতি আহসান হাবীব শিপলু বলেন, ‘প্রতিদিন একজন মানুষ গাছ থেকে ৫৫০ লিটার অক্সিজেন গ্রহণ করে, যার বাজার মূল্য প্রায় আট হাজার টাকা। কিন্তু বিনিময়ে আমরা তাদের কিছুই দিতে পারি না। এ পরম বন্ধুকে রোপণ ও সংরক্ষণ খুবই প্রয়োজন। আমরা আমাদের বাড়ির ছাদ, পড়ে থাকা জমি ও বাড়ির আঙিনায় গাছ রোপণ করব।’
অনুষ্ঠানে অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মশিউর রহমান, প্রধান শিক্ষক ফাতরুজ্জামান ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।



