বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর বদলগাছী উপজেলায় বৈদ্যুতিক মোটর দিয়ে পুকুরে সেচের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিমান (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শেরপুর গ্রামের গাছকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক বিমান উপজেলার বালুভরা ইউনিয়নের নয়াগাঁও গ্রামের শ্রী বাবুর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর গ্রামের সুজন হোসেনের একটি পুকুরে মাছ ধরার উদ্দেশ্যে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি সেচের কাজ চলছিল। ওই কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন বিমান। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
আহত বিমানকে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, লাশের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।



