মিঠামইনে সাবেক ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

কিশোরগঞ্জের মিঠামইনে মো. মুক্তার মিয়া নামের এক সাবেক ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

Location :

Kuliarchar
নিহত মুক্তার মিয়া
নিহত মুক্তার মিয়া |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের মিঠামইনে মো. মুক্তার মিয়া নামের এক সাবেক ইউপি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে আত্মীয়ের বাড়িতে ঘুমাতে যাওয়ার পর বুধবার ভোরে ঘরের ভেতর তার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা। ঘটনাটি ঘটেছে উপজেলার গোপদীঘি ইউনিয়নের নতুন চাঁদপুর গ্রামে।

নিহত মুক্তার মিয়া ওই গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। তিনি গোপদীঘি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মুক্তার মিয়া তার এক আত্মীয়ের বাড়িতে ঘুমাতে যান। বুধবার ভোরে স্বজনরা ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন এসে তাকে নিচে নামান।

খবর পেয়ে সকাল ১১টার দিকে মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে সাবেক এই জনপ্রতিনিধির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য ও নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ঘটনাটি কেবল আত্মহত্যা নাও হতে পারে। পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে কি না—এমন আশঙ্কাও প্রকাশ করছেন অনেকে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য কিংবা সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে পুলিশ। গোপদীঘি ইউনিয়নের এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের পাশাপাশি গভীর উদ্বেগ বিরাজ করছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।