বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

পাকিস্তানকে ধবলধোলাই করতে চায় বাংলাদেশ

‘আমরা টানা চারটা ম্যাচ জিতেছি, এটা আত্মবিশ্বাস বাড়ায়। সেই আত্মবিশ্বাস নিয়েই নামব তৃতীয় ম্যাচে। লক্ষ্য একটাই, জয়। ধবলধোলাই করতে চাই। প্রসেস ধরে এগোচ্ছি।’

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানকে ধবলধোলাই করতে চায় বাংলাদেশ
পাকিস্তানকে ধবলধোলাই করতে চায় বাংলাদেশ |নয়া দিগন্ত

ক’দিন আগেই পাকিস্তানের কাছে তাদের মাঠে ধবলধোলাই হয় বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ হারে ৩-০ তে। তবে এবার ঘরের মাঠে ডেকে এনে তার কড়া প্রতিশোধ নিল টাইগাররা।

ইতোমধ্যে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো জিতে নিয়েছে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতে রেখেই গড়েছে এই ইতিহাস। তবে লক্ষ্যটা আরো বড়, করতে চায় ধবলধোলাই।

দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার জয়ের নায়ক হয়ে উঠেন জাকের আলি। ধ্বংসস্তূপ থেকে দলকে উদ্ধার করে এনে দেন চ্যালেঞ্জিং পুঁজি। খেলেন ৪৮ বলে ৫৫ রানের ইনিংস। যা বাংলাদেশের জয়ে বড় সহায়ক হয়ে উঠে।

ম্যাচ সেরা নির্বাচিত হওয়ার পর জাকের আলিই আসেন পরবর্তীতে সংবাদ সম্মেলনে। যেখানে অনেক কথার ভিড়ে জানান পাকিস্তানকে ধবলধোলাই করার লক্ষ্যের কথাও।

তিনি বলেন, ‘আমরা টানা চারটা ম্যাচ জিতেছি, এটা আত্মবিশ্বাস বাড়ায়। সেই আত্মবিশ্বাস নিয়েই নামব তৃতীয় ম্যাচে। লক্ষ্য একটাই, জয়। ধবলধোলাই করতে চাই। প্রসেস ধরে এগোচ্ছি।’

মিরপুরে গতকাল টস হেরে আগে ব্যাটিং পেয়ে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। যখন নানা শঙ্কা দেখা দেয় মনে, তখন পঞ্চম উইকেটে শেখ মেহেদী ও জাকের ৪৯ বলে ৫৩ রানের জুটি গড়েন।

দু’জনে সামাল দেন প্রাথমিক ধাক্কা। এরপর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়ে জাকের ব্যাটিং করেছেন ইনিংসের শেষ বল পর্যন্ত। যেখানে জাকেরকে লড়াই করতে হয়েছে বোলারদের নিয়েই।।

তবে বিষয়টা নিয়ে জাকের খুব একটা উদ্বিগ্ন নয়। বলেন, ‘এইজ গ্রুপ থেকেই আমি টেইলের সাথে ব্যাট করি। অ-১৭তে একটা ১০০ও আছে। টেইলের সাথে ৭১ রানের জুটি আছে, আমার এটা অভ্যাস আছে।'

আরো বলেন যে, ‘আমি এগুলো চিন্তা করি না। চেষ্টা করি, সাথে যে থাকে তাকে একটু সেইভ করে রান নেয়ার। আমি যেভাবে প্র্যাকটিস করি সেভাবেই করেছি। মেন্টালি সেভাবে রেডি ছিলাম।’

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আগামীকাল (বৃহস্পতিবার) মিরপুরে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। খেলা হবে সন্ধ্যা ছয়টার দিকে।