রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের ভুল চিকিৎসায় মো: আনোয়ার হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এতে বিক্ষোভ করেছেন রোগীর স্বজনরা।
বুধবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিহতের শতাধিক স্বজন চিকিৎসকের শাস্তির দাবি জানান। এ সময় বিক্ষোভকারীরা হাসপাতালে প্রবেশ করতে গেলে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বাধা দেন।
নিহতের ভাই মো: কামাল হোসেন বলেন, ‘মঙ্গলবার রাতে আনোয়ার হোসেনের (নিহত রোগী) গ্যাস্ট্রিকের সমস্যা হলে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই আমার ভাইয়ের শারীরিক অবস্থার উন্নতি হলে আমরা ভাইকে বাড়ি নিয়ে যেতে চাই। তবে ডাক্তার আরো একদিন রোগীকে হাসপাতালে রাখতে বললে আমি বাড়ি চলে যাই। আজ সকালে আমার ভাই নিজে হেঁটে বাথরুমে যান। দুপুরে স্বাভাবিকভাবে খাবার খেয়েছিলেন। দুপুর ২টার পরে ডাক্তার কুতুবুদ্দিন (আরএমও) আমার ভাইয়ের শরীরে ইনজেকশন দিলে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। আমরা ডাক্তারকে বিষয়টি জানালে তিনি রোগীকে ফরিদপুর নিয়ে যেতে বলেন। আমরা অ্যাম্বুলেন্স ঠিক করতে গেলে রোগী মারা যান। এর পর থেকে ওই ডাক্তারকে আর হাসপাতালে পাওয়া যাচ্ছে না।’
এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: কুতুবউদ্দিনের মন্তব্য নিতে হাসপাতালে গেলে তাকে পাওয়া যায়নি। পরে তার মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত ডা: মো: ইনজামামুল হক শিহাব বলেন, ‘হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বাইরে রোগীর স্বজনরা হট্টগোল শুরু করেন। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীসহ আমরা আতঙ্কিত হয়ে পড়ি। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।’



