বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
তিন দিনের সরকারি সফরে শুক্রবার (১০ জুলাই) পঞ্চগড় আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সচিবালয় থেকে এ সংক্রান্ত একটি অফিসিয়াল আদেশ জারি করা হয়।
প্রতিমন্ত্রী ১০, ১১ ও ১২ জুলাই পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় নদী ভাঙন, অগ্নিকাণ্ড, জলাবদ্ধতা ও উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন।
সফরের প্রথম দিন শুক্রবার সকাল সাড়ে ৬টায় ঢাকার মিনিস্টার্স এপার্টমেন্ট থেকে রওয়ানা হয়ে তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে তিনি সরাসরি সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ চৌধুরীপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ করবেন।
এদিন তিনি পঞ্চগড়-নীলফামারী সীমান্তে পঞ্চগড় গেইটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বোদা ও দেবীগঞ্জ উপজেলার করতোয়া নদীর ভাঙনকবলিত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা পরিদর্শন করবেন।
একইসাথে বোদা উপজেলায় মরহুম আব্দুল মতিনের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত করবেন। সন্ধ্যা ৭টায় পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় পঞ্চগড় জেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গরিব, মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবেন।
এরপর তিনি বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক সমাবেশ, সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদরাসায় অভিভাবক সমাবেশ এবং দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রযুক্তি মেলা ও সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
সফরের শেষ দিন রোববার (১২ জুলাই) সকাল ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রতিমন্ত্রী। এরপর তিনি দুপুরে সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।
জানা গেছে, এই সরকারি সফরে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো: আবু রায়হান দোলন, সহকারী একান্ত সচিব মো: জহিরুল ইসলাম বাবু ও তার দফতরের কর্মচারীরা সফরসঙ্গী হবেন।



