চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মুফতি মো. শামছুদ্দিনের (৩৪) লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে ঘটনাস্থলের একটু পূর্বদিকে ইমামের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে নৌ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই স্থান থেকে লাশ উদ্ধার করে।
এর আগে শনিবার (২৫ এপ্রিল) শহরের উত্তর গুনরাজদি আল আমিন এতিমখানার তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মুফমি মো. শামছুদ্দিন জোহরের নামাজের পরে এতিমখানা সংলগ্ন ডাকাতিয়া নদীতে গোসল করতে যান। আছরের আগে তিনি ফিরে না আসায় নদীর পাড়ে গিয়ে ইমামকে খোঁজ করেন এতিমখানার বাবুর্চি ইলিয়াছ। সেখানে গিয়ে দেখেন নদীর পাড়ে তার জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে আছে।
ইমাম শামছুদ্দিন জেলার শাহরাস্তি উপজেলার ওয়ারুক আলীপুর গ্রামের দোয়া বাড়ির মৃত ইমাম হোসেন মজুমদারের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেন আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের পরিচালনা পর্ষদের সভাপতি মওলানা আব্দুর রহমান গাজী।
এতিমখানার বাবুর্চি মো. ইলিয়াছ জানান, ইমাম শামছুদ্দিন জোহরের নামাজের পর নদীতে গোসল করতে যান। আছরের সময় হয়ে গেলেও তিনি ফিরে না আসায় নদীর পাড়ে যাই। সেখানে গিয়ে দেখি নদীর পাড়ে তার জুতা, সাবান, লুঙ্গি, গামছা ও গেঞ্জি পড়ে আছে। এতিমখানার ছাত্রদের নিয়েও তাকে খুঁজে পাইনি। পরে বিষয়টি সভাপতি আব্দুর রহমানকে জানাই।
চাঁদপুর নৌ ফায়ার স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডুবুরি টিম নিখোঁজ ব্যাক্তিকে উদ্ধারে কার্যক্রম পরিচালনা করে। রোববার দুপুরে স্থানীয়রা ইমামের লাশ নদীতে ভাসতে দেখে। পরে লাশ উদ্ধার করে এতিমখানা নিয়ে যাওয়া হয়।



