কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লিটন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২ মে) সন্ধ্যায় উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের ইশ্বরবড়ুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত লিটন মিয়া ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে বাসে করে কাজের সন্ধানে লিটন মিয়ার ঢাকা যাওয়ার কথা ছিল। এ কারণে তিনি বাড়ি থেকে মোটরসাইকেলে করে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ইশ্বরবড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক লিটন সড়কের ওপর ছিটকে পড়ে যান। এতে তার মাথা ফেটে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রংপুর নেয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তানজিমা তাসনীম বলেন, দুর্ঘটনার শিকার ব্যক্তির মাথা ফেটে গিয়েছিল। ক্ষতস্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার শিকার ব্যক্তিকে তার স্বজনরা পুনরায় হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইনগত পদক্ষেপ নেয়া হবে। অভিযোগ না থাকলে দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



