জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে দেয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এর আগে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে ঝাড়ু হাতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতাকর্মীরা পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হন।
সভাপতির বক্তব্যে হাজী মো: শাহজাহান সিরাজ বলেন, ‘রুমিন ফারহানার পরিবারের ইতিহাস দালালি আর বিশ্বাসঘাতকতার ইতিহাস। তার বাবা নির্বাচন করে জামানত হারিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের প্রোডাক্ট। র-এর দালাল।’
তিনি আরো বলেন, ‘সরকারের ছয় মাস যেতে না যেতেই গ্যাস-বিদ্যুতের অজুহাতে অসংসদীয় ভাষায় সংসদে বক্তৃতা করে মূলত ভারত ও আওয়ামী লীগের পারপাস সার্ভ করছেন। আমরা তার এ বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আশুগঞ্জের মাটিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি।’
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সংসদে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সঙ্কট হবে না, এটা হতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আর সারের সঙ্কট হবে না, গরিব কৃষক সার লুট করবেন না, সেটাও হতে পারে না।’
তিনি আরো বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, সেটাও হওয়া সম্ভব না। বিএনপি ক্ষমতায় আসবে বাংলাদেশ প্রথমবারের মতো ঋণ খেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না, সেটাও হতে পারে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানে ঋণ খেলাপিতে সর্বোচ্চ হওয়া।’
রুমিন ফারহানার ওই বক্তব্যের প্রতিবাদেই শনিবার আশুগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো: শাহজাহান সিরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো: জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: শামীম চৌধুরী প্রমুখ।



