সোনারগাঁওয়ে শপিংমলে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আল মদিনা শপিংমলে অগ্নিকাণ্ডে বৈদ্যুতিক মিটার ও সরঞ্জাম পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

হাসান মাহমুদ রিপন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

Location :

Sonargaon
সোনারগাঁয়ে আল মদিনা শপিংমলে আগুন
সোনারগাঁয়ে আল মদিনা শপিংমলে আগুন |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত আল মদিনা শপিংমলে এ আগুন লেগেছে। এতে শপিংমলের বেইসমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

সোনারগাঁও ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে শপিংমলের বেইসমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার ও অন্যান্য ইলেকট্রিক সরঞ্জাম পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন দোকান মালিক ভিন্ন অভিযোগ তুলেছেন। তাদের দাবি, সম্প্রতি দোকান ছাড়ার জন্য কিছু ব্যবসায়ীকে নোটিশ দেয়া হয়েছিল। এর এক দিন পরই আগুন লাগার ঘটনায় তারা সন্দেহ প্রকাশ করছেন।

তাদের অভিযোগ, ব্যবসায়ীদের মার্কেট থেকে উচ্ছেদের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়ে থাকতে পারে।

অন্যদিকে শপিংমলের মালিক মাজহারুল ইসলাম নবী অভিযোগ অস্বীকার করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।