নান্দাইল রোডে চলন্ত ট্রেনে এসির যন্ত্রাংশ চুরির চেষ্টা, আটক ২

গতকালের ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ খুলে নেয়ার চেষ্টা করছিলেন ওই দুই যুবক। বিষয়টি যাত্রীদের নজরে এলে তারা তাদের হাতেনাতে আটক করেন।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
চলন্ত ট্রেনে এসির যন্ত্রাংশ চুরির চেষ্টাকালে আটক দুই যুবক
চলন্ত ট্রেনে এসির যন্ত্রাংশ চুরির চেষ্টাকালে আটক দুই যুবক |নয়া দিগন্ত

চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের ট্রেনে চলন্ত অবস্থায় এসির যন্ত্রাংশ চুরি করতে গিয়ে দুই যুবককে হাতেনাতে আটক করেছেন যাত্রীরা। পরে ট্রেনটি নান্দাইল রোড এলাকায় থামিয়ে তাদের রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ময়মনসিংহের নান্দাইল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন— নেত্রকোনার বারহাট্টা উপজেলার জীবনপুর এলাকার মরহুম রহমত আলীর ছেলে মো: হেলিম (১৯) ও কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব ধারাপাশা এলাকার মো: শাহিনের ছেলে রিফাত (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকালের ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ খুলে নেয়ার চেষ্টা করছিলেন ওই দুই যুবক। বিষয়টি যাত্রীদের নজরে এলে তারা তাদের হাতেনাতে আটক করেন। পরে ট্রেনটি নান্দাইল রোড এলাকায় থামিয়ে অভিযুক্তদের রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনার পর যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এলেও পরপর দুই দিন চলন্ত ট্রেনে এসির যন্ত্রাংশ চুরির চেষ্টার ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। যাত্রীরা রেলপথে নিরাপত্তা জোরদার, ট্রেনে নিয়মিত টহল বৃদ্ধি এবং এ ধরনের চুরির সাথে জড়িত সঙ্ঘবদ্ধ চক্রকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সাথে অন্য কেউ জড়িত আছে কি-না, সে বিষয়েও তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।