কাউখালীতে কালভার্ট ও সড়ক সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে

পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের কেন্দ্রীয় ফাজিল মাদরাসার সামনে বক্স কালভার্ট ও সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় স্থানীয় জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Kaukhali
কাউখালীতে কালভার্ট ও সড়ক সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে
কাউখালীতে কালভার্ট ও সড়ক সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে |নয়া দিগন্ত

পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের কেন্দ্রীয় ফাজিল মাদরাসার সামনে বক্স কালভার্ট ও সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় স্থানীয় জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

সরেজমিনে দেখা যায়, কালভার্টটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে এবং সড়কটি খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে চলাচল অযোগ্য হয়ে পড়ে। এতে প্রতিদিন হাজারো মানুষের ভোগান্তি বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, এই সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ৫ হাজার মানুষ চলাচল করে। সড়কের পাশে কেন্দ্রীয় ফাজিল মাদরাসা, ভূমি অফিস, সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরানী মাদরাসা, হাফিজি মাদরাসা ও দুটি আবাসিক এলাকার বাসিন্দারা নিয়মিত যাতায়াত করেন। অথচ গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে।

এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা এস এম দুলাল হোসেন বলেন, ‘অনেকদিন ধরে সড়ক ও কালভার্টটির কোনো সংস্কার করা হয়নি। বৃষ্টির সময় পানি জমে চলাচল একেবারেই কষ্টকর হয়ে পড়ে। ঠিকাদার কাজ শুরুর আগেই পুরনো ইট তুলে নেয়ায় দুর্ভোগ আরো বেড়েছে।

কেন্দ্রীয় আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ বলেন, ‘এই মাদরাসাটি একটি পরীক্ষার কেন্দ্র। কালভার্টটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।’

চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু জানান, ঝুঁকিপূর্ণ এই সড়ক ও কালভার্ট বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।’

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, ‘সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান ফয়সাল এন্টারপ্রাইজকে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য তাগাদা দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান জানান, বিষয়টি আমি উপজেলা প্রকৌশলীকে অবগত করেছি। আশা করি অবিলম্বে বক্স কালভার্ট ও রাস্তা মেরামত করা হবে।