দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘পার্শ্ববর্তী একটি দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা মরুভূমিতে পরিণত হয়েছে আর আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। আমরা ঠিকমতো পানি পাচ্ছি না। এজন্য তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।’
তিনি বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদীগুলো অবহেলায়, অযত্নে, অবজ্ঞার কারণে খালে পরিণত হয়েছে। সেগুলোকে পুনঃখননের মহাপরিকল্পনা রয়েছে।’
বুধবার (২৪ জুন) দুপুরে মানিকগঞ্জে খাল খনন প্রকল্পের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুর, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিসি) মো: আমিনুল ইসলামসহ সংশ্লিষ্টরা।
ত্রাণমন্ত্রী বলেন, ‘আগাম বৃষ্টির কারণে খাল খননের কাজ কিছুটা বাধাগ্রস্থ হচ্ছে। আগামী শুকনো মৌসুমে অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করা হবে।’
খাল খননে দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘বিগত ১৭ বছর বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত ছিল। এই দুর্নীতি এক দিনে পরিষ্কার করা সম্ভব হবে না। তবে খাল খননে সুনির্দিষ্ট অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজরিত ঐতিহাসিক কাশাদহ খালের খনন আগামী শীত মৌসুমে করা হবে। সরকার আগামী পাঁচ বছরে সাড়ে সাত হাজার খালের মোট ২০ হাজার কিলোমিটার খনন করবে।’
ত্রাণমন্ত্রী আরো বলেন, ‘এই খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে। জিয়াউর রহমানের সময় খান খননের মাধ্যমে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল এবং বিদেশে খাদ্য রফতানি করা হয়েছিল।’
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘জনবান্ধব পরিবেশ তৈরি ও উন্নয়নমূলক কাজ করাই বর্তমান সরকারের লক্ষ্য। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সবাইকে নিয়ে দুর্নীতি-সন্ত্রাসমুক্ত, অভাবমুক্ত এক সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব আর এই স্বপ্ন বাস্তবায়নের জন্য যা করা প্রয়োজন তাই করব।’
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির দেশের উন্নয়নে মাঠে-ঘাটে চষে বেড়ানোর জন্য মন্ত্রীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘দেশের উন্নয়নে আমরা জনগণকে সাথে নিয়ে কাজ করে যাবো।’
এ সময় মন্ত্রী, এমপি, জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক শিবালয় উপজেলার কাসাদহ খালের কার্যক্রম পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন। এরপর মন্ত্রী ও তাদের সফর সঙ্গীরা দৌলতপুর ও সাটুরিয়া উপজেলার আরো দু’টি খালের কাজ পরিদর্শন করেন।



