এস আলম পরিবারের ১০ জনসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের আটকাদেশ

নামসর্বস্ব প্রতিষ্ঠান ওজি ট্রাভেলসের নামে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে নেয়া ঋণের টাকা আদালতের নির্দেশনা অনুযায়ী পরিশোধ না করায় ব্যাংকের আবেদনক্রমে এ আটকাদেশ দেয়া হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।

নূরুল মোস্তফা কাজী, চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
এস আলম
এস আলম |সংগৃহীত

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ (এস আলম) ও তার পরিবারের ১০ জনসহ ১১ জনের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানী আটকাদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রামের অর্থঋণ আদালত-১-এর বিচারক মো: হেলাল উদ্দিন এ আদেশ দেন।

নামসর্বস্ব প্রতিষ্ঠান ওজি ট্রাভেলসের নামে ইসলামী ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে নেয়া ঋণের টাকা আদালতের নির্দেশনা অনুযায়ী পরিশোধ না করায় ব্যাংকের আবেদনক্রমে এ আটকাদেশ দেয়া হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।

আটকাদেশপ্রাপ্তরা হলেন ওজি ট্রাভেলসের চেয়ারম্যান গোফরানুল আলম (সাইফুল আলমের ভাই ওসমান গণির ছেলে), ব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী, মোহাম্মদ সাইফুল আলম (এস আলম গ্রুপ চেয়ারম্যান), তার ভাই ওসমান গণি, মো: রাশেদুল আলম, ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম, সাইফুল আলমের ভাই আবদুস সামাদ লাবু, মোহাম্মদ আবদুল্লাহ হাছান, শহীদুল আলম, সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীন ও ছেলে আহসানুল আলম।

আদালত সূত্র জানিয়েছে, ইতোপূর্বে গত অর্থঋণ মামলার ডিক্রিতে উল্লেখিত ১১ জনের বিরুদ্ধে ওজি ট্রাভেলস নামীয় প্রতিষ্ঠানের নেয়া ঋণ বাবদ (খরচাসহ) ৮০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ৭৬১ টাকা ৬০ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশ দেন অর্থঋণ আদালত-১-এর চট্টগ্রামের বিচারক।

পরে ব্যাংক কর্তৃপক্ষ উক্ত ডিক্রি জারির জন্য মামলা দায়ের করেন। ওই মামলায় ব্যাংক কর্তৃপক্ষ আসামিদের বিরুদ্ধে সিভিল ইমপ্রিজনমেন্টের আবেদন করলে আদালত উল্লেখিত ১১ জনের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানী আটকাদেশ দেন।

একটি সূত্র জানিয়েছে, আফতাব অটোমোবাইল নামীয় একটি প্রতিষ্ঠান থেকে গাড়ি সরবরাহ নেয়ার নামে অগ্রিম পেমেন্ট হিসেবে ত্রিপক্ষীয় চুক্তির আওতায় এসব টাকা ঋণ নেয়া হয়েছিল।