জামালপুরের দেওয়ানগঞ্জে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদ-নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক কৃষিবিদ শাহজাহান খান তুহিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী দিনে বেশ কয়েকটি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয় এবং বলা হয় পর্যায়ক্রমে প্রতি ইউনিয়নে আরো ৭৭০টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হবে। এদিন ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও স্কুলব্যাগ বিতরণ করা হয়।
একই দিনে প্রধান অতিথি দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায়ও মিলিত হন।
প্রধান অতিথি প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয় (প্রতিবন্ধী) সহ বিভিন্ন বিদ্যালয়ের বিশেষ সুবিধাভোগী শিক্ষার্থীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।



