এ বছর এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের অধীনে এক লাখ ৪৭ হাজার ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার জন্য ফরম পূরণ করেছে। এর মধ্যে ছাত্র ৫৮ হাজার ৯৫০ জন ও ছাত্রী ৮৮ হাজার ৬২ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন জানান, কুমিল্লা বোর্ডের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর ছয় জেলার ২৭৭ কেন্দ্রে এক লাখ ৪৭ হাজার ১২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। যার মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী আছে ৩২ হাজার ৬৫৬ জন। এবার ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থী ২৯ হাজার ১১২ জন বেশি।
পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৮ হাজার ১০০ জন, মানবিক বিভাগে ৪৫ হাজার ৫১৯ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৩ হাজার ৩৯৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: শামছুল ইসলাম জানান, ২৭৭টি পরীক্ষা কেন্দ্রে ১৮২২টি শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ ৪৭ হাজার ১২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষার্থীরা যাতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেজন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সকল কেন্দ্রে সিসিটিভি লাগানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা অনেক আগেই পত্র দিয়ে কেন্দ্র সচিবদের বিষয়টি জানিয়েছি। মনিটরিং করছি।
বিভিন্ন নীতিমালার কারণে এ বছর এসএসসি পরীক্ষার্থীরা আতঙ্কে আছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা আতঙ্কিত হবার কোনো কারণ দেখছি না।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে সারাদেশে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা।



