শেখ মুজিবকে নিয়ে ফেসবুক পোস্ট : রাজশাহীতে কলেজশিক্ষক বরখাস্ত

ফেসবুকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘বিনম্র শ্রদ্ধা’ জানিয়ে পোস্ট দেয়ার অভিযোগে রাজশাহীর নন্দনগাছী মহাবিদ্যালয়ের এক প্রভাষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
সাময়িক বরখাস্তকৃত প্রভাষক সোহেলী আক্তার
সাময়িক বরখাস্তকৃত প্রভাষক সোহেলী আক্তার |নয়া দিগন্ত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘বিনম্র শ্রদ্ধা’ জানিয়ে পোস্ট দেয়ার অভিযোগে রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী মহাবিদ্যালয়ের এক প্রভাষককে সাময়িক বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ।

সোমবার (১৭ আগস্ট) কলেজের গভর্নিং বডির জরুরি সভায় প্রভাষক সোহেলী আক্তারের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তবে সিদ্ধান্ত নেয়ার সময় পর্যন্ত তাকে কোনো লিখিত কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়নি এবং সাময়িক বরখাস্তের বিষয়টিও লিখিতভাবে জানানো হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সোহেলী আক্তার ওই কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক। গত শনিবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তার ছবিসংবলিত একটি ফটোকার্ড পোস্ট করেন তিনি। সেখানে শোক প্রকাশের পাশাপাশি ক্যাপশনে তিনি লেখেন, ‘বিনম্র শ্রদ্ধা’।

ওই পোস্টকে কেন্দ্র করে পরদিন রোববার কলেজে গিয়ে অস্বস্তি বোধ করেন বলে জানান সোহেলী আক্তার। পরে অধ্যক্ষের কাছ থেকে মৌখিকভাবে ছুটি নিয়ে সোমবার তিনি কলেজে যাননি। এদিন কলেজ গভর্নিং বডির জরুরি সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানতে পারেন।

তবে কলেজ কর্তৃপক্ষের দাবি, বিষয়টি শুধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যে সীমাবদ্ধ নয়।

কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, ওই প্রভাষক ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন নিয়ে’ ফেসবুকে পোস্ট করেছেন। একজন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এ ধরনের ‘রাষ্ট্রবিরোধী পোস্ট’ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

অধ্যক্ষ বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কেউ এ ধরনের রাষ্ট্রবিরোধী পোস্ট দিতে পারে না। কলেজের শৃঙ্খলা রক্ষার জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

কলেজ গভর্নিং বডির সভাপতি ও চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, জরুরি সভায় আলোচনা করে সর্বসম্মতিক্রমে সোহেলী আক্তারকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও দেয়া হয়নি। আমরা আলোচনা করছি। এটাও হবে।’

এদিকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের বিষয়ে সোহেলী আক্তার বলেন, তিনি বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানেন না। তার ভাষায়, ‘আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এটা আমি জানি না। আমার কী দোষ সেটাও তো জানি না। আমার কিছু বলার নেই।’