বাগেরহাটের মোরেলগঞ্জে স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টাসহ হত্যার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) সকাল ৭টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে রিমান্ডের আবেদনসহ বাগেরহাট আদালতে সোপর্দ করে।
এর আগে, শনিবার (২০ জুন) রাত ৮টার দিকে ওই প্রতিবন্ধী নারী শারীরিক যন্ত্রণা নিয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের বাবা থানায় ধর্ষণচেষ্টাসহ হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।
খবর পেয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী নারীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নূর মোহাম্মদকে আটক করে পুলিশে খবর দেয়। মধ্যরাতে পুলিশ নূর মোহাম্মদকে হেফাজতে নিয়ে মামলায় গ্রেফতার দেখায়।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদুর রহমান বলেন, প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণচেষ্টাসহ হত্যা মামলার একমাত্র আসামি নূর মোহাম্মদ হাওলাদাকে গ্রেফতার করা হয়েছে।



