বান্দরবানে পাহাড়ের পাদদেশ থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। তবে ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটনের দাবি করেছে এলাকাবাসী।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
নিহত মা-মেয়ে
নিহত মা-মেয়ে |নয়া দিগন্ত

বান্দরবান শহরের কাছে মেঘলা এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার কাছে পাহাড়ের পাদদেশ থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— মা রমেসিং মার্মা (৩০) ও তার চার বছরের মেয়ে বৃষ্টি মার্মা। তাদের বাড়ি কানা পাড়ার কাছে দাঁতভাঙ্গা এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত থেকে রমেসিং মার্মা ও তার মেয়ে বৃষ্টি মার্মাকে খুঁজে পাচ্ছিল না আত্মীয়-স্বজনরা। পরে অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকার উঁচু এক পাহাড়ের নিচে মা-মেয়েকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা। তবে ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটনের দাবি করেছে এলাকাবাসী।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, ‘শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছি। তবে মৃত্যু কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’