জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া বলেছেন, ‘১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের এখনো যারা অস্বীকার করে, তারা নানা অপপ্রচার চালাচ্ছে। আমার নেতার পরিবারের সদস্যদের নিয়েও অশালীন কথা বলা হয়েছে। ভোটার আইডি ব্যবহার করে মানুষকে হেয় করা হচ্ছে।’
সোমবার (৯ মার্চ) বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলা হলরুম কমপ্লেক্সে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, ‘বর্তমান সময়ে নানা মাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনেক সময় ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য সত্য-মিথ্যা যাচাই করা কঠিন হয়ে পড়ছে।’
এসব বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীলভাবে রাজনীতি করতে হবে। কোনো অবস্থাতেই পুলিশ বা প্রশাসনের সাথে দ্বন্দ্ব বা সঙ্ঘাতে জড়ানো উচিত নয়। যদি কারো কোনো সমস্যা বা প্রয়োজন থাকে, তা যথাযথভাবে জানাতে হবে।’
উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহেদ শাহ ও মোসলেম উদ্দিন সরকারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।



