নানিয়ারচর (রাঙ্গামাটি) সংবাদদাতা
হাড় কাঁপানো তীব্র শীতে শীতবস্ত্র নিয়ে বয়োবৃদ্ধ শীতার্ত জনগণের পাশে দাঁড়িয়েছে নানিয়ারচর জোন (১৭ ইস্ট বেঙ্গল) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে নানিয়ারচর জোনের আওতাধীন রাঙামাটি সদর উপজেলার বন্ধুকভাঙ্গা ইউনিয়নের কুড়ামারা এলাকার বৃদ্ধ অসহায় ও শীতার্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন তিনি।
এদিকে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হাড় কাঁপানো শীতে বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক সহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্থানীয় জনগণ। বাংলাদেশ সেনাবাহিনীর এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে তারা।
এ বিষয়ে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জানান, এলাকার জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর নিঃস্বার্থ এ সহযোগিতায় অত্যন্ত আনন্দিত। সেনাবাহিনী তথা নানিয়ারচর জোনের উদ্যোগে এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।
জোন কমান্ডার আরো জানান, পাহাড়ি জনগোষ্ঠীর জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সেনাবাহিনীর এ ধরনের সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



