কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশী মদ এবং ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথ (আইস)-এর দুটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাতে কোস্ট গার্ডের কয়েকটি টিম টেকনাফ উপজেলার জালিয়ার দ্বীপ এবং জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় দুটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবন এবং জালিয়াপাড়া সংলগ্ন কেওড়া বনে কাঠের বোট দুটি বিচিং করে পালিয়ে যায়।
পরবর্তীতে, উক্ত বোট দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশী মদসহ দুটি বোট জব্দ করা হয়। উক্ত মাদক পাচারের সাথে সম্পৃক্ত মাদক ব্যবসায়ী ও অন্যান্য সহযোগীদের শনাক্ত ও আটকের লক্ষে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
অপরদিকে, উখিয়া উপজেলার পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় গতকাল রাতে কোস্ট গার্ডের আরো একটি বিশেষ অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
জব্দকৃত সকল আলামত ও আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ ও উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



