গাজীপুরের কালিয়াকৈরে মাদক নিয়ে দ্বন্দ্বে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার ট্রাক স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আকাশ মিয়া (২২)। তিনি নওগাঁর বদলগাছী উপজেলার আটাপাড়া পাহাড়পুর এলাকার মজিদুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় কুতুবদিয়া এলাকায় স্ত্রীসহ ভাড়া বাড়িতে থাকতেন এবং রাজধানী পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় পুলিশ শাকিল হোসেন নামে একজনকে আটক করেছে। আটক শাকিল হোসেন উপজেলার টান কালিয়াকৈর গ্রামের আলম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে ট্রাক স্ট্যান্ড এলাকায় মাদক নিয়ে চার বন্ধুর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এক বন্ধুর ছুরিকাঘাতে আকাশ গুরুতর আহত হয়। এ সময় ওই তিন বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে খবর পেয়ে কালিয়াকৈর থানার টহল পুলিশ ঘটনাস্থল থেকে অশঙ্কাজনক অবস্থায় ওই হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদক নিয়ে দ্বন্দ্বে চার বন্ধুর মধ্যে ঝগড়ার একপর্যায়ে ওই বাস হেলপার ছুরিকাঘাতে নিহত হয়। এ ঘটনায় শাকিল হোসেন নামের একজনকে সকালে গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলামান রয়েছে।



