সিলেটের জকিগঞ্জে আগুনে অবসরপ্রাপ্ত এক শিক্ষক দম্পতির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামে এ আগুনের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত শিক্ষক মাস্টার মো: এখলাছুর রহমান জকিগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও তার স্ত্রী সালমা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা।
আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, পেনশনের নথি ও সনদপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে শিক্ষক দম্পতি দাবি করেছেন।
ভুক্তভোগী এখলাছুর রহমান জানান, সকালে আগুন লাগার পর প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভেঙে তারা কোনোমতে জীবন নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। কিন্তু আগুনে পেনশনের নথিপত্র, পাঁচ ছেলের শিক্ষাগত সনদ, নগদ এক লাখ টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার ও যাবতীয় আসবাবপত্র পুড়ে গেছে।
খবর পেয়ে জকিগঞ্জ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের বাড়িঘর রক্ষা পায়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।



