গফরগাঁওয়ে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে অবরোধ, ফের ট্রেন চলাচল বিঘ্ন

‘পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় চেষ্টা করছি গফরগাঁও এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য।’

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
ছবি : নয়া দিগন্ত

ময়মনসিংহ-১০ আসনে (গফরগাঁও) মনোনয়ন পরিবর্তনের দাবিতে মনোনয়ন বঞ্চিত নেতাদের বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা দ্বিতীয় দিনের মতো আন্দোলন জারি রেখেছেন। ফলে আবারো ঢাকা-দেওয়ানগঞ্জগামী রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিএনপির মনোনয়নকে কেন্দ্র পৌর শহরের বিক্ষোভ ও অবরোধের সময় রেললাইনে আগুন, গাছের গুড়ি ও বালু দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়।

তবে, সকালের দিকে কিছু ট্রেন চলাচল করে। সেনা প্রহরায় গফরগাঁও রেলস্টেশনে আটকে থাকা ময়মনসিংহগামী বলাকা ট্রেনটি ছেড়ে যায়। দুপুর ১২টার দিকে তিস্তা এক্সপ্রেস গফরগাঁও স্টেশনে এসে পুনরায় আটকা পড়ে। পরে অন্য কোনো ট্রেন আসেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে ট্রেনযাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, পিডব্লিউর বাংলোর সামনে, শিবগঞ্জ রেলক্রসিং, কাচারি রেল ক্রসিং এলাকায় স্লিপার ফেলে অগ্নিসংযোগসহ রৌহা কালীরহাট এলাকায় রেললাইনের ওপর বালু ও আগুন দিয়ে রেল চলাচলে বাধা সৃষ্টি করে বিক্ষুব্ধ জনগণ।

উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় চেষ্টা করছি গফরগাঁও এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য।