বিএনপির হাত দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন হবে : শামা ওবায়েদ

‘বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। সকল দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা কাজ করব।’

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
ভাঙ্গায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
ভাঙ্গায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ |নয়া দিগন্ত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘বিএনপির হাত দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা বদ্ধপরিকর।’

তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের কৃষিতে যে অগ্রগতি ও শস্য বিপ্লব ঘটিয়েছিলেন তার পথ অনুসরণ করে আমরা কৃষিতে বিপ্লব আনতে চাই। খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে।’

সোমবার (১৬ মার্চ) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ থেকে সোনাখোলা সেতু পর্যন্ত খালের খনন কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ বলেন, ‘বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করে না। সকল দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা কাজ করব। বিএনপি যা বলে তাই করে। সরকারের নেয়া কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড প্রদান করেছে। মাত্র অল্প সময়ের ব্যবধানে খাল খনন কর্মসূচি শুরু করেছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়ন শুরু করেছি। বিএনপি মাত্র এক মাসের মধ্যে সারাদেশব্যাপী একযোগে খাল খনন কর্মসূচি শুরু করেছে। যারা বলেছিলেন ফ্যামিলি কার্ড হবে না, সে ধারণা ভুল প্রমাণিত করে ফ্যামিলি কার্ড চালু করেছে। আগামী এপ্রিল মাসের মধ্যে কৃষি কার্ড কৃষকদের মাঝে পৌঁছে যাবে।’

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে ও সাদরুল আলম সিয়ামের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো: নজরুল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আবু জাহের, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ইসা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আইয়ুব মোল্লা, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান, বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দসহ বিএনপি ও এর অংগসংগঠনের নেতৃবৃন্দ।